ডেক্স রিপোর্ট | স্বদেশ টাইমস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে আজ সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে দলটি।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে হাতিরঝিল থানায় গিয়ে জিডি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
জিডিতে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অপপ্রচার বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
কীভাবে ঘটেছে হ্যাকিং?
ঘটনার বিষয়ে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান,
“বিকেল ৪টার পরপরই জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়। সাড়ে ৪টার দিকে সেখানে একটি অপ্রত্যাশিত পোস্ট প্রকাশিত হয়।”
তিনি বলেন, ঘটনার পরপরই জামায়াতের সাইবার টিম দ্রুত ব্যবস্থা নেয় এবং কিছু সময়ের মধ্যেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
“৫টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয় এবং পোস্টটি সরিয়ে ফেলা হয়। তবে পরে সেটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।”
আপত্তিকর পোস্ট নিয়ে দলের ব্যাখ্যা
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, হ্যাক হওয়া অবস্থায় যে পোস্টটি দেওয়া হয়েছিল তা নারীদের অবমাননাকর ছিল এবং ডা. শফিকুর রহমানের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
“পোস্টটি আমিরের মনোভাবের সঙ্গে যায় না। এটি হ্যাকিংয়ের ফলেই ঘটেছে।”
ষড়যন্ত্রের অভিযোগ
জামায়াত নেতা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের সমর্থন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
“জনপ্রিয়তা দেখে কোনো একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরি করছে।”
সকাল ৮টায় প্রেস ব্রিফিং
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জনসমক্ষে স্পষ্ট করতে আজ সকাল ৮টায় একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে।
দলটি আশা প্রকাশ করেছে, প্রশাসন দ্রুত তদন্ত করে হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















