শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার(৪-মে) সকালে নড়িয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরণ)। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবিব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে বক্তারা জানান, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর মার্চ-এপ্রিল এই দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকে। এই সময় জেলেরা যাতে খাদ্য সংকটে না পড়েন, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের এ উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়ন ও জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও জানান, নড়িয়া উপজেলায় মোট ৩ হাজার ৭৫৫ জন নিবন্ধিত জেলের মধ্যে পর্যায়ক্রমে ৫০০ জন জেলেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার পাচ্ছে ১০ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ১৬ কেজি আলু এবং ১০ কেজি সয়াবিন তেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে জেলেদের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হলে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।
স্থানীয়দের মতে, দুর্দিনে সরকারের এ মানবিক সহায়তা জেলেদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।


















