রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে নিখোঁজের দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে মামা ও ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। খেলার বল ও জুতা পুকুরের ঘাটে ভাসতে দেখে স্থানীয়রা পানিতে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হলো রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আন্নাফি (০৮) এবং একই এলাকার মঞ্জুর ছেলে রিফাত হোসেন (০৭)। সম্পর্কে তারা আপন মামা-ভাগ্নে ছিল। একসাথে খেলতে গিয়ে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে আন্নাফি ও রিফাতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে থাকে। স্বজনরা পাড়া-প্রতিবেশীর বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে হন্যে হয়ে খোঁজেন, কিন্তু কোথাও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে এলাকায় মাইকিং করারও প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা।
দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে নিখোঁজ শিশুদের স্বজন ও স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে যান।সেখানে অন্ধকার রাতে টর্চের আলোয় পুকুরের ঘাটে ও পানিতে শিশুদের ব্যবহৃত জুতা এবং তাদের খেলার বলটি ভাসতে দেখেন। বিষয়টি দেখে উপস্থিত সবার মনে সন্দেহের সৃষ্টি হয়।
“পুকুর পাড়ে জুতা আর বল দেখে আমাদের বুকটা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে কয়েকজন পুকুরের পানিতে নেমে খোঁজ শুরু করি। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে থাকা দুই শিশুর নিথর দেহ আমাদের হাতে উঠে আসে।”
পানি থেকে তোলার পর দুই শিশুকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বিকেলে বল নিয়ে খেলার সময় কোনো একজন পুকুরে পড়ে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পানিতে তলিয়ে যায়।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়ের বাকাই গ্রামজুড়ে শোকের মাতম শুরু হয়। গভীর রাতেও শত শত মানুষ নিহতদের বাড়িতে ভিড় জমান। দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। স্বজনদের বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। মা-বাবার কান্না যেন থামছেই না।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, “বিকেল থেকে শিশু দুটি নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এলাকাবাসী জানান, আন্নাফি ও রিফাত সব সময় একসাথেই চলাফেরা ও খেলাধুলা করত। মৃত্যুর ক্ষণেও তারা একসাথেই চলে গেল, যা পুরো মেলান্দহবাসীকে স্তব্ধ করে দিয়েছে।



















