ফুলবাড়িয়ায় দরিদ্রদের ল্যাট্রিন বরাদ্দে লটারি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন
এসএম আব্দুল্লাহ- স্বদেশ টাইমস:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দরিদ্র পরিবারের জন্য ইমপ্রুভড ল্যাট্রিন (টুইন পিট ল্যাট্রিন) বরাদ্দের লক্ষ্যে লটারির মাধ্যমে চূড়ান্ত উপকারভোগীর তালিকা প্রণয়ন করা হয়েছে।
গতকাল ফুলবাড়িয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন (WATSAN) কমিটির উদ্যোগে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম সোহাগ।
লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশিকুল হক আশিক, জামায়াত নেতা মো. মাহবুবুর রশিদ ফরাজি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, ইমপ্রুভড ল্যাট্রিনের জন্য আবেদন করা দরিদ্র পরিবারের আবেদন যাচাই-বাছাই শেষে একটি তালিকা প্রস্তুত করা হয়। পরে ওই তালিকা থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, লটারির মাধ্যমে তালিকা চূড়ান্ত করার ফলে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত দরিদ্র পরিবারকে স্যানিটেশন সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

















