ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাকরারচালা বাজার এলাকায় বেগম খালেদা জিয়া স্মৃতি সংঘের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর মল্লিক (জীবন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম (ফারুক)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো. ওয়াজেদ কায়সার (রাজিব)।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনটির মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
















