এইচ এম নাজমুন হোসাইন সোহান ঝালকাঠি
ঝালকাঠির উপজেলার পুখরীজানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। উপজেলার পুখরীজানা গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ শামীম এ ঘটনায় থানায় অভিযোগ করেন। তিনি জানান, তাদের সঙ্গে একই এলাকার আলতাফ হাওলাদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে প্রায়ই তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন প্রতিপক্ষরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল বারেক বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালে প্রতিপক্ষদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলতাফ হাওলাদারের ছেলে হেলাল লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং তিনি রক্তাক্ত হন। পরে হান্নান হাওলাদার ও হারিসন বেগম লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা আহত ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল বারেককে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তদের মতামত পাওয়া যায়নি।


















