মোঃ বাপ্পি- স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই মধ্যপাড়া গ্রামে শিয়ালের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। শিয়ালের আক্রমণে গতকাল গ্রামের প্রায় ৫ থেকে ৭ জন মানুষ এবং একটি গরু আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালের আক্রমণে আহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুধু মানুষ নয়, গ্রামের গবাদিপশু, বিশেষ করে গরু-ছাগলের ওপরও শিয়ালের আক্রমণের ঘটনা ঘটছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। নিরাপত্তাহীনতার কারণে শিশুদের স্কুল ও মাদ্রাসায় যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে চকরাধাকানাই মধ্যপাড়া গ্রামবাসীর পক্ষে আতিক হাসান ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, দ্রুত বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জলাতঙ্কের টিকা সরবরাহেরও দাবি জানানো হয়েছে।
গ্রামবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

















